আমাদেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতার করে সরকার বুদ্ধিমানের পরিচয় দেয়নি

সবার-ই বাক স্বাধীনতা থাকা প্রয়োজন, যদি আপনি মানবিক দৃষ্টিতে চিন্তা করেন। একজন আসামী আদালত কর্তৃক অপরাধী চিহ্নিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বললে আইনের দৃষ্টিতে তা অমানবিক এবং বেআইনী। আমরা জানি ফেইসবুক সরকার বন্ধ করেছে নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশের অপরাধে। কিন্তু বাস্তব ঘটনা তা নয়। ঘটনা হলো ফেইসবুকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ কার্টুন প্রকাশ করা হয়েছিলো। আমি বলবো, এই বন্ধ করে সরকারের কোনো লাভ হয়নি। আমার দেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতার করে সরকার বুদ্ধিমানের পরিচয় দেয়নি। এই বুদ্ধি সরকারকে যারা দিয়েছেন তারা আর কিছু হলেও আওয়ামীলীগ এবং শেখ হাসিনার আপনজন নয়। শেখ হাসিনা সেই ভুল আবারও করলেন যে ভুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের সময় করেছিলেন। যদি তখন বঙ্গবন্ধু এই ভুল না করে বিরোধী মতের পত্রিকাগুলোর ওপর শুধু নজর রেখে যেতেন এবং বিরোধীদের সমালোচনাকে পর্যালোচনা করে ভালোগুলো গ্রহণ করতেন তবে আজ ইতিহাস অন্য রকম রচিত হতো। প্রতিপক্ষকে সরকারের ভাবা উচিৎ নিজের আয়না হিসেবে। চামচারা হলো দালাল এবং শত্রু। অথচ আমাদের জাতীয় দোষ, আমরা চামচাদের কে পছন্দ করি বেশি। পত্রিকা অফিসে এমনভাবে প্রবেশ করে সাংবাদিক পিটিয়ে সম্পদককে গ্রেফতার করা প্রকৃতপক্ষে শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে ছাড়া অন্য কোনো উপকার হবে বলে আমি ইতিহাস পাঠ শেষে মনে করি না। হয়তো চামচাদের কেউ কেউ বাহ বাহ দিয়ে সরকারকে খুশি করতে চাইবেন। আমরা যারা কোনো দল করি না, তবে এই দেশ এবং এই দেশের মানুষকে ভালোবাসি তাদের কাছে আওয়ামীলীগ যা, বিএনপিও তা। আমরা দেশ-জাতির মঙ্গলের জন্য সবার পক্ষে এবং বিরোদ্ধে কথা বলি। জনাব মাহমুদুর রহমান হয়তো বিএনিপ সমর্থিত। এখন আওয়ামীলীগ ক্ষমতায়। মাহমুদুর রহমানকে তাঁর কথা বলতে দেওয়া উচিৎ। এদেশের পাঠককে কেউ-ই হাবা ভাবার প্রয়োজন নেই। আজকের দিনে পাঠক সত্য-মিথ্যা বের করার বিভিন্ন কৌশল জানে। মাহমুদুর রহমান মিথ্যে বলেল পাঠক ঠিক-ই বুঝতে পারবে। আবার সরকার মাহমুদুর রহমানকে গ্রেফতার করে মূলত মাহমুদুর রহমানের এবং বিএনপি'র-ই উপকার করলেন। মাহমুদুর রহমান যে কথাটা লিখে তাঁর পাঠককে বুঝাতে চেয়েছেন। তাঁর লেখা দিয়ে এই বিষয়টি হয়তো তিনি পারতেন তাঁর পাঠককে বুঝাতে-হয়তো পারতেন না। কিন্তু সরকারের হঠকারি সিদ্ধান্ত এই কাজটি খুব দ্রুত করে দিলো। আমার মনে হয় দালাল আর চামচা ছাড়া কোনো সুস্থ্য মানুষ সরকারের এই কাজের প্রশংসা করবে না। আমরাও না।
সাংবাদিকদের শরীরে পুলিশের লাঠি ব্যবহার কোনো সভ্য সমাজ-ই মানতে পারে না। আমার দেশ অফিসের ভেতর পুলিশ সাংবাদিকদের উপর যে লাঠিচার্জ করেছে তার নিন্দা জানানো প্রত্যেক বিবেকমানদের দায়িত্ব। আমরা নিন্দা জানাচ্ছি। আমার বিশ্বাস, আমরা লেখকেরা এই ঘটনাকে আওয়ামীলীগ-বিএনপি ইত্যাদি দলীয় চিন্তা থেকে বিবেচনা না করে সভ্যতা এবং মানবতার দৃষ্টি থেকে বিবেচনা করবেন।

Available tags : আমাদেশ পত্রিকা বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমান কে গ্রেফতার করে সরকার বুদ্ধিমানের পরিচয় দেয়নি--সৈয়দ মবনু

View: 288 Post comments (0) Bookmark and Share